
নিজস্ব প্রতিনিধি,
বরিশাল নগরীতে হাঁস-মুরগি ও ছাগল খাওয়ার অভিযোগে সাতটি শিয়ালকে পিটিয়ে হত্যা করে সেই শিয়ালগুলোর মাংস নেওয়ার আহ্বানের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।
ঘটনাটি গত বৃহস্পতিবার নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের ময়দানখোলা এলাকায় ঘটে। মঙ্গলবার বিষয়টি জানাজানি হলে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সরিয়ে ফেলা হয়।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, পাঁচটি মৃত শিয়াল মাটিতে পড়ে আছে। পাশেই আরও দুটি শিয়ালের চামড়া ছাড়ানো হচ্ছে। এ সময় লাঠি হাতে থাকা এক ব্যক্তি বলেন, এলাকায় হাঁস- মুরগি ও ছাগল খাওয়ায় শিয়ালগুলো মারা হয়েছে। কারও প্রয়োজন হলে ২৬ নম্বর ওয়ার্ডের ময়দানখোলায় এসে শিয়ালের মাংস নিয়ে যেতে পারেন।
স্থানীয়দের দাবি, এলাকায় দীর্ঘদিন ধরে শিয়ালের উপদ্রব বেড়ে যাওয়ায় অনেকের হাঁস-মুরগি ও ছাগল ক্ষতির মুখে পড়ে। এ কারণে কয়েকজন মিলে শিয়াল মারার সিদ্ধান্ত নেন। পরে শিয়ালের মাংস খেলে রোগব্যাধি ভালো হয় এমন কুসংস্কারের বশে কেউ কেউ মাংস খেয়েছেন বলেও অভিযোগ রয়েছে।
স্থানীয় সূত্র জানায়, গত বৃহস্পতিবার সকালে ৬০ থেকে ৭০ জনের একটি দল জঙ্গলে গিয়ে শিয়ালের আস্তানায় অভিযান চালায়। লোকজনের উপস্থিতি টের পেয়ে শিয়ালগুলো ছুটে পালানোর চেষ্টা করলে লাঠিসোটা দিয়ে পিটিয়ে সাতটি শিয়াল হত্যা করা হয়। পরে কয়েকটি শিয়াল স্থানীয় বাজারে নিয়ে জবাই করে মাংস খাওয়া হয়। অবশিষ্ট মাংস ও চামড়া মাটিচাপা দেওয়া হয়েছে বলেও জানা গেছে।
২৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. ফরিদ উদ্দিন হাওলাদার বলেন, ঘটনাটি তিনি শুনেছেন। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে, সে বিষয়ে নিশ্চিত নন।
এ বিষয়ে বরিশাল বিভাগীয় বন কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, ঘটনাটি তাদের নজরে এসেছে।ইতোমধ্যে ঘটনাস্থলে লোক পাঠানো হয়েছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সূত্র: বাংলাদেশ প্রতিদিন

