
মো: সাকিব-চাঁপাইনবাবগঞ্জ :
‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস’ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়েছে।
শুক্রবার (২৬ জুন) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে গিয়ে আলোচনা সভায় অংশ নেয়।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ ড. মো. সেরাজ উদ্দীন, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ ড. বিপ্লব কুমার মজুমদার, সিভিল সার্জন ডা. এ কে এম শাহাব উদ্দীন, অতিরিক্ত পুলিশ সুপার এ এন এম ওয়াসিম ফিরোজ, পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. আব্দুল ওদুদ এবং চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা মন্টুসহ অন্যান্য অতিথিরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও সমাজকেও ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই মাদকের অপব্যবহার রোধে প্রশাসনের পাশাপাশি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং সর্বস্তরের মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদকের কুফল সম্পর্কে সচেতন করতে নিয়মিত প্রচার-প্রচারণা ও সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানের শেষে মাদকবিরোধী বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

