
মোঃ মোনাহার মিয়া-স্টাফ রিপোর্টার :
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার গোপালপুর গ্রাম থেকে দুই অপ্রাপ্তবয়স্ক স্কুলছাত্রী গত সাত দিন ধরে নিখোঁজ রয়েছে। তাদের কোনো খোঁজ না পাওয়ায় পরিবারগুলোর মধ্যে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।
নিখোঁজ দুই শিক্ষার্থী হলো গোপালপুর কো-অপারেটিভ বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী আফসানা আক্তার (১৩) এবং স্থানীয় একটি নূরানী মাদ্রাসার শিক্ষার্থী আশা মনি (১১)।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১৭ জুন ২০২৬ তারিখ বিকেল আনুমানিক ৫টার দিকে তারা বাড়ি থেকে বের হয়। এরপর থেকে তাদের আর খুঁজে পাওয়া যায়নি। পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজনের বাড়িসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করলেও এখন পর্যন্ত তাদের কোনো সন্ধান মেলেনি। সেই সঙ্গে দুই শিক্ষার্থীর সঙ্গে পরিবারের যোগাযোগও সম্পূর্ণ বিচ্ছিন্ন রয়েছে।
এ ঘটনায় আফসানা আক্তারের বাবা মো. আল আমিন বকশীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের পর পুলিশ বিষয়টি নিয়ে কাজ শুরু করলেও সংবাদ লেখা পর্যন্ত নিখোঁজ দুই শিক্ষার্থীর অবস্থান সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।
পরিবারের সদস্যরা জানান, মেয়েদের হঠাৎ নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনায় তারা দিশেহারা হয়ে পড়েছেন। প্রতিটি মুহূর্ত তাদের উদ্বেগের মধ্যে কাটছে। দ্রুত সময়ের মধ্যে দুই শিক্ষার্থীকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য তারা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে বকশীগঞ্জ থানার পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগ পাওয়ার পর বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং নিখোঁজ দুই শিক্ষার্থীকে খুঁজে বের করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

