
মোহাম্মদ কামরুজ্জামান জুয়েল,
মৌলভীবাজারের কুলাউড়া থানা এলাকায় জননিরাপত্তা জোরদার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের মোবিলাইজেশন ড্রিল ও চেকপোস্ট অভিযান পরিচালনা করা হয়েছে। সোমবার (২২ জুন) বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত কুলাউড়া থানা পুলিশের উদ্যোগে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও পয়েন্টে এ কার্যক্রম চলে।
পুলিশ সূত্র জানায়, সিলেট রেঞ্জের ডিআইজি ড. মো. জিল্লুর রহমান এবং মৌলভীবাজার জেলার পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় এ মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত হয়। কর্মসূচির অংশ হিসেবে কুলাউড়া থানা পুলিশ শহরের বিভিন্ন সড়কে সচেতনতামূলক মহড়া দেয় এবং গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশি ও সন্দেহভাজন চলাচল পর্যবেক্ষণ করে।
সংশ্লিষ্টরা জানান, সাম্প্রতিক সার্বিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় কুলাউড়াবাসীর জানমাল রক্ষা, অপরাধ প্রতিরোধ এবং জনমনে আস্থা বাড়াতে এ ধরনের কার্যক্রম জোরদার করা হয়েছে। বিশেষ করে থানা এলাকার গুরুত্বপূর্ণ প্রবেশপথ, ব্যস্ত সড়ক ও জনসমাগমপূর্ণ স্থানে পুলিশের উপস্থিতি বাড়িয়ে নিরাপত্তা ব্যবস্থাকে আরও কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে।
স্থানীয়দের মতে, পুলিশের দৃশ্যমান টহল, মহড়া ও চেকপোস্ট কার্যক্রম সাধারণ মানুষের মধ্যে স্বস্তি তৈরি করেছে। এতে অপরাধ নিয়ন্ত্রণের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিতেও ইতিবাচক প্রভাব পড়বে বলে তারা আশা করছেন।
কুলাউড়া থানা পুলিশ জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিত, শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় তারা সর্বদা প্রস্তুত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের তৎপরতা অব্যাহত থাকবে।

