
মোহাম্মদ কামরুজ্জামান জুয়েল, কুলাউড়া (মৌলভীবাজার)
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের শ্রীপুর বাজারে ইয়াবাসহ এক গাড়িচালককে আটকের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনেও শুরু হয়েছে নানা আলোচনা।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৮ জুন গভীর রাতে শ্রীপুর বাজার এলাকায় সন্দেহজনকভাবে চলাচল করছিল একটি ব্যক্তিগত গাড়ি। স্থানীয়দের সন্দেহ হলে তারা গাড়িটি থামিয়ে তল্লাশি চালান। এ সময় চালকের কাছ থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে দাবি করা হয়। পরে তাকে আটক করে রাখা হয়।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি মাদক সংগ্রহের উদ্দেশ্যে এলাকায় আসার কথা স্বীকার করেন। এছাড়া তার দেওয়া কয়েকটি বক্তব্যকে ঘিরে স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। স্থানীয়দের দাবি, গাড়িটি সিলেট এমসি কলেজ ছাত্রদলের এক নেতার ব্যবহৃত ব্যক্তিগত গাড়ি।
ঘটনার পর এলাকায় মাদকবিরোধী অভিযান জোরদারের দাবি উঠেছে। সচেতন নাগরিকরা বলছেন, মাদক সংশ্লিষ্ট অভিযোগের ক্ষেত্রে কোনো ধরনের প্রভাব বা পরিচয় বিবেচনা না করে নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করা প্রয়োজন।
এদিকে অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট নেতার বক্তব্য পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকেও এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি।
ঘটনাটি নিয়ে জনমনে কৌতূহল ও নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের প্রত্যাশা, তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

