
ইমরান হোসাইন, বাউফল (পটুয়াখালী) :
পটুয়াখালীর বাউফলে স্থানীয় গণমাধ্যমকর্মীদের মাঝে জার্সি উপহার দিয়েছেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ।
সম্প্রতি বাউফল উপজেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের হাতে তার পক্ষ থেকে ফুটবল দলের জার্সি তুলে দেওয়া হয়। বিশ্ব ফুটবলের জনপ্রিয়তা এবং খেলাধুলার প্রতি তরুণ সমাজকে উৎসাহিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে।
জার্সি বিতরণ অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকরা বলেন, খেলাধুলা সামাজিক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও সুস্থ বিনোদনের অন্যতম মাধ্যম। একজন জনপ্রতিনিধির এমন উদ্যোগ গণমাধ্যমকর্মীদের সঙ্গে পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে।
এ সময় এমপি ড. শফিকুল ইসলাম মাসুদের পক্ষ থেকে জানানো হয়, সাংবাদিকরা সমাজের দর্পণ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তাঁদের পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সুস্থ সাংস্কৃতিক ও ক্রীড়া চর্চায় সম্পৃক্ত রাখতে এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
জার্সি গ্রহণের পর গণমাধ্যমকর্মীরা এ উদ্যোগের জন্য সংসদ সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা আশা করেন, ভবিষ্যতেও সাংবাদিকদের কল্যাণে এ ধরনের ইতিবাচক উদ্যোগ অব্যাহত থাকবে।

