
মোঃ শফিকুল আলম শাকিল-ক্রাইম রিপোর্টার, গাইবান্ধা
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শালমারা ইউনিয়নের মিরাপাড়া গ্রামে আপন বুদ্ধি-প্রতিবন্ধী ফুফুকে ধর্ষণের অভিযোগে আতিকুর রহমান আতাব আলী নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৩)।
ঘটনার বিবরণে জানা যায়, অভিযুক্ত আতিকুর রহমান আতাব আলী সম্পর্কে ওই নারীর আপন ভাতিজা। দীর্ঘদিন ধরে ভুক্তভোগী নারীকে বিভিন্নভাবে উত্ত্যক্তসহ ভয়ভীতি প্রদর্শন করে আসছিলেন তিনি। সর্বশেষ গত কয়েকদিন আগে বুদ্ধি-প্রতিবন্ধী ওই নারীকে নিজ বাড়িতে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করেন আতাব আলী।
এই ঘটনার পর ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে গোবিন্দগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়। মামলার প্রেক্ষিতে র্যাব-১৩, সিপিসি-৩, গাইবান্ধা ক্যাম্পের সদস্যরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আসামী আতিকুর রহমান আতাব আলীকে গ্রেফতার করে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে র্যাব জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী তার অপরাধের কথা স্বীকার করেছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

