
মোঃ আব্দুল্লাহ আল মামুন
ভোলার দক্ষিণাঞ্চলের চরফ্যাশন, দক্ষিণ আইচা ও মনপুরার লাখো মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা একটি আধুনিক মেডিকেল কলেজ হাসপাতাল। বর্তমানে উন্নত চিকিৎসার জন্য এসব এলাকার মানুষকে ভোলা সদর, বরিশাল কিংবা ঢাকায় যেতে হয়। এতে সময়, অর্থ ও ভোগান্তি—সবই বেড়ে যায়।
স্থানীয়দের মতে, ভোলা-বরিশাল সেতু বাস্তবায়িত হলে ভোলা থেকে বরিশাল যেতে সময় লাগবে মাত্র ৩০ মিনিট। অথচ চরফ্যাশন ও দক্ষিণ আইচা থেকে ভোলা সদর পৌঁছাতেই এখন প্রায় ৩ ঘণ্টা সময় লাগে। ফলে জরুরি চিকিৎসার প্রয়োজনে অনেক রোগীকে চরম দুর্ভোগ পোহাতে হয়।
বিশেষ করে জেলে, কৃষক, শ্রমজীবী ও নিম্নআয়ের মানুষের জন্য উন্নত চিকিৎসা পাওয়া এখনো একটি বড় চ্যালেঞ্জ। তাই ভোলা-৩ ও ভোলা-৪ আসনের মধ্যবর্তী গুরুত্বপূর্ণ এলাকা কর্তারহাট (ফিশ পয়েন্ট) অঞ্চলে একটি মেডিকেল কলেজ হাসপাতাল স্থাপনের দাবি জানিয়েছেন স্থানীয় জনগণ।
সংশ্লিষ্টদের মতে, এখানে মেডিকেল কলেজ হাসপাতাল স্থাপন করা হলে চরফ্যাশন, মনপুরা, দক্ষিণ আইচা ও আশপাশের বিস্তীর্ণ উপকূলীয় অঞ্চলের মানুষ সহজে বিশেষায়িত চিকিৎসাসেবা পাবে। একই সঙ্গে চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্যসেবার নতুন দিগন্ত উন্মোচিত হবে।
দক্ষিণাঞ্চলের সর্বস্তরের জনগণের একটাই দাবি—জনস্বার্থ ও ভৌগোলিক বাস্তবতা বিবেচনায় নিয়ে চরফ্যাশনে একটি আধুনিক মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠা করা হোক।

