
মোঃ জাহিদ হোসেন জিমু-গাইবান্ধা
গাইবান্ধায় চলন্ত ট্রেন থেকে পড়ে অজ্ঞাতনামা এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিট নাগাদ গাইবান্ধা থেকে বোনারপাড়াগামী পদ্মরাগ ট্রেনে এই দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ট্রেনটি যখন শহরের মাইক্রোস্ট্যান্ড সংলগ্ন এলাকা দিয়ে যাচ্ছিল, তখন চলন্ত ট্রেনের গেটে দাঁড়িয়ে থাকা ওই ব্যক্তি হঠাৎ নিচে পড়ে যান। এতে তার শরীরের নিচের অংশ শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৩৬ বছর। তার পরনে ছিল একটি ট্রাউজার ও লাল রঙের হাফহাতা গেঞ্জি।
ঘটনার পরপরই স্থানীয়রা ঘটনাস্থলে ভিড় করেন। তবে প্রাথমিকভাবে কেউ নিহতের পরিচয় নিশ্চিত করতে পারেননি। বিষয়টি নিশ্চিত করে রেলওয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়, তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং পরবর্তী আইনানুগ প্রক্রিয়া শুরু হয়েছে। পিবিআই (PBI) কে খবর দেওয়া হয়েছে, তারা এলে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা করা হবে এবং এরপর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

