
মোহাম্মদ কামরুজ্জামান জুয়েল, কুলাউড়া উপজেলা প্রতিনিধি:
মৌলভীবাজারের কুলাউড়া থানায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ সদস্যদের নিয়ে সাপ্তাহিক গ্রাম পুলিশ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৭ জুন) কুলাউড়া থানা প্রাঙ্গণে আয়োজিত এ সমাবেশে উপজেলার সকল ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্যরা অংশগ্রহণ করেন।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম মুন্না। তিনি গ্রাম পুলিশ সদস্যদের দায়িত্বশীলতা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
এ সময় তিনি আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গ্রাম পুলিশের ভূমিকার গুরুত্ব তুলে ধরে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। পাশাপাশি অপরাধ প্রতিরোধ, মাদকবিরোধী কার্যক্রম, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং জনগণের সঙ্গে সমন্বয় রেখে কাজ করার বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ দেন।
সমাবেশে গ্রাম পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যা, করণীয় ও দায়িত্ব পালনের বিষয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারীরা নিজ নিজ এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন এবং বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
পুলিশ ও গ্রাম পুলিশের মধ্যে সমন্বয় জোরদারের লক্ষ্যে এ ধরনের সমাবেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করেন।

