
মোঃ রাহিমুল ইসলাম সজিব-নাগেশ্বরী :
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ৭ নম্বর নেওয়াশী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কাংগালটারী পূর্ব গ্রামে পৈতৃক সম্পত্তি নিয়ে দুই পক্ষের বিরোধে এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে।
মৃত নিরগিন শেখের স্ত্রী মৃত শহরভান বেগমের ওয়ারিশ মোঃ মনছুর আলী গং অভিযোগ করেছেন, প্রায় ৫০ বছর আগে একটি প্রভাবশালী চক্র কৌশলে তাদের মায়ের নাম পরিবর্তন করে পৈতৃক সম্পত্তি বিক্রি করে দেয়।
ভুক্তভোগীদের দাবি, দীর্ঘদিন পর বিষয়টি তাদের নজরে এলে তারা জমির প্রকৃত মালিকানা ফিরে পেতে উদ্যোগ নেন। গত এক বছর ধরে প্রায় ৬২ শতাংশ জমিতে গাছ লাগানো এবং ধান চাষের মাধ্যমে তারা ভোগদখলে আছেন বলে জানান।
অন্যদিকে, অপর পক্ষ ক্রয়সূত্রে জমির বৈধ মালিক দাবি করে ওই জমিতে দখল নেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের ভাষ্য, এরপর থেকে তাদের বিভিন্নভাবে হয়রানি ও ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে।
জমি নিয়ে দুই পক্ষের পাল্টাপাল্টি দাবি ও অবস্থানের কারণে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা বলছেন, বিষয়টি দ্রুত তদন্ত করে প্রশাসনের হস্তক্ষেপ না হলে যেকোনো সময় অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে।
এলাকাবাসী দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

