
সাধন সাহা জয়-ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বাবার কাছে টাকা না পেয়ে অভিমান করে শাহীন মিয়া (২৩) নামে এক যুবক কীটনাশক ট্যাবলেট সেবন করে আত্মহত্যা করেছেন।
গতকাল শনিবার (২৩ মে) রাত ৮টার দিকে উপজেলার চান্দুরা ইউনিয়নের ইব্রাহিমপুর ডাকবাংলো বাসস্ট্যান্ড এলাকায় তাঁদের নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান ‘তৌহিদ স্টোর’-এ এই ঘটনা ঘটে।
নিহত শাহীন মিয়া ইব্রাহিমপুর এলাকার রুপ মিয়ার ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, ব্যক্তিগত প্রয়োজনের জন্য বাবার কাছে কিছু টাকা চেয়েছিলেন শাহীন। টাকা দেওয়া নিয়ে একপর্যায়ে বাবা ও ছেলের মধ্যে কথাকাটাকাটি ও সামান্য বাগবিতণ্ডা হয়। এতে বাবার ওপর অভিমান করে পরিবারের অলক্ষ্যে দোকানের ভেতরেই ঘরে থাকা ফসলের কীটনাশক ট্যাবলেট সেবন করেন তিনি।
কিছুক্ষণ পর শাহীনকে আশঙ্কাজনক অবস্থায় ছটফট করতে দেখে পরিবারের সদস্যরা দ্রুত উদ্ধার করেন। পরে তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আহসান উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। এই ঘটনায় মরদেহের ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

