
সাধন সাহা জয়-ব্রাহ্মণবাড়িয়া
নবীনগর-রাধিকা সড়কে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সিএনজিচালিত অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাবা ও মেয়ে গুরুতর আহত হয়েছেন।
আজ (রবিবার) নবীনগর-রাধিকা সড়কের নারুই বার আউলিয়া মাদ্রাসা সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন— উপজেলার সাহারপাড় গ্রামের বাসিন্দা মো. মজিবুর রহমান এবং তাঁর মেয়ে রিয়া মনি।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঘটনার সময় নারুই বার আউলিয়া মাদ্রাসা নামক স্থানে দ্রুতগামী একটি ট্রাকের সাথে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং ভেতরে থাকা মজিবুর রহমান ও তাঁর মেয়ে রিয়া মনি গুরুতর আহত হন।
দুর্ঘটনার বিকট শব্দ শুনে আশেপাশের লোকজন ও পথচারীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। তাঁরা রক্তাক্ত অবস্থায় বাবা ও মেয়েকে উদ্ধার করে চিকিৎসার জন্য দ্রুত ব্রাহ্মণবাড়িয়া সরকারি জেনারেল হাসপাতালে (সদর হাসপাতাল) প্রেরণ করেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, আহত দুজনের অবস্থাই বেশ আশঙ্কাজনক।
খবর পেয়ে স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনা কবলিত যান দুটি উদ্ধার ও পরবর্তী আইনি প্রক্রিয়া সচল রয়েছে বলে জানা গেছে।

