
আল মুজাহিদ-(যশোর)
যশোর পৌর এলাকার দুটি গুরুত্বপূর্ণ সড়ক, ড্রেন ও স্ট্রিট লাইট নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব উন্নয়ন কাজের উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
উদ্বোধন হওয়া প্রকল্পগুলোর মধ্যে রয়েছে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের চাতালের মোড় থেকে খুলনা মহাসড়ক পর্যন্ত রাস্তা, ড্রেন ও স্ট্রিট লাইট নির্মাণ এবং ৬ নম্বর ওয়ার্ডের রায়পাড়া তেতুলতলা এলাকার রাস্তা ও ড্রেন উন্নয়ন কাজ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, পৌর প্রশাসক রফিকুল ইসলাম এবং নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে প্রায় ১১ কোটি টাকা ব্যয়ে এই উন্নয়ন প্রকল্পের কাজ শুরু করা হয়েছে। তিনি আশা প্রকাশ করে বলেন, প্রকল্পগুলো বাস্তবায়িত হলে নগরবাসীর দীর্ঘদিনের ভোগান্তি কমবে এবং বর্ষা মৌসুমে জলাবদ্ধতা পরিস্থিতিরও উল্লেখযোগ্য উন্নতি হবে।
তিনি আরও জানান, যশোর শহরের যানজট নিরসনে কাঠেরপুল ব্রিজ সম্প্রসারণ এবং গরীব শাহ থেকে ঘোপ নওয়াপাড়া সড়ক পর্যন্ত নতুন একটি সেতু নির্মাণের পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে সমাজ থেকে মাদক নির্মূলে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

