
জুলফিকার আলী জুয়েল :
পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে গাজীপুরের কোনাবাড়ীর বাইমাইল ব্রিজ সংলগ্ন এলাকায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে “বাইমাইল গরু-ছাগলের বিশাল হাট”। আধুনিক প্রযুক্তি, উন্নত নিরাপত্তা ব্যবস্থা এবং ক্রেতা-বিক্রেতাদের বিভিন্ন সুযোগ-সুবিধা নিশ্চিত করে পরিচালিত হচ্ছে এ হাট।
হাটটির উদ্বোধন করেন কোনাবাড়ী থানা বিএনপির সেক্রেটারি মো: বাবুল হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, “বর্তমান সময়ে একটি পশুর হাটে নিরাপত্তা ও সুশৃঙ্খল পরিবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই হাটে ক্রেতা-বিক্রেতাদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”
হাট পরিচালনা কমিটি জানায়, পুরো হাট এলাকা সিসিটিভি ক্যামেরার আওতায় রাখা হয়েছে। পাশাপাশি জাল টাকা শনাক্ত করার জন্য বিশেষ মেশিনের ব্যবস্থা রাখা হয়েছে, যাতে কোনো ধরনের প্রতারণার শিকার না হন ক্রেতা বা বিক্রেতারা। এছাড়াও সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিতে স্বেচ্ছাসেবক টিম ও তদারকি ব্যবস্থা রাখা হয়েছে।
দূর-দূরান্ত থেকে আসা গরুর ব্যাপারীদের জন্য খাওয়া-দাওয়ার সুব্যবস্থা করা হয়েছে। তাদের নিরাপদে অবস্থানের জন্য বিশেষ থাকার ব্যবস্থাও রাখা হয়েছে। এছাড়া হাটে আগত যানবাহনের জন্য রয়েছে বড় পরিসরের গাড়ি পার্কিং সুবিধা, যাতে ক্রেতা ও ব্যবসায়ীদের কোনো ভোগান্তিতে পড়তে না হয়।
উদ্বোধনের দিন হাটে প্রথম গরু বিক্রয়কারীকে শুভেচ্ছা উপহার হিসেবে একটি ছাতা প্রদান করা হয়। বিষয়টি উপস্থিত ব্যবসায়ী ও দর্শনার্থীদের মাঝে উৎসাহ ও আনন্দের সৃষ্টি করে।
স্থানীয়দের মতে, প্রতিবছরের তুলনায় এবার হাটটি আরও আধুনিক ও সুশৃঙ্খলভাবে পরিচালিত হচ্ছে। ইতোমধ্যে দেশের বিভিন্ন অঞ্চল থেকে গরু ও ছাগল নিয়ে আসতে শুরু করেছেন ব্যবসায়ীরা। বড় আকৃতির গরুর পাশাপাশি মাঝারি ও ছোট গরুরও ব্যাপক সমাগম দেখা যাচ্ছে।
হাট পরিচালনা কমিটির পক্ষ থেকে জানানো হয়, ঈদের দিন পর্যন্ত হাট চলমান থাকবে এবং ক্রেতা-বিক্রেতাদের জন্য নিরাপদ, সুন্দর ও স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করতে তারা সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।

