
মোঃ জাহিদ হোসেন জিমু-গাইবান্ধা
গাইবান্ধা জেলা পুলিশের ট্রাফিক বিভাগে কর্মদক্ষতা, শৃঙ্খলা এবং ট্রাফিক আইন বাস্তবায়নে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ আবারও জেলার শ্রেষ্ঠ সার্জেন্ট হিসেবে পুরস্কৃত হয়েছেন সার্জেন্ট জাহাঙ্গীর।
২১ মে ২০২৬খ্রি. সকালে গাইবান্ধা পুলিশ লাইন্স ড্রিল শেডে আয়োজিত এপ্রিল/২০২৬ মাসের মাসিক কল্যাণ সভায় এই সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শ্রেষ্ঠত্বের ক্রেস্ট ও সম্মাননা সনদ তুলে দেন গাইবান্ধার সুযোগ্য পুলিশ সুপার মহোদয় জনাব জসিম উদ্দীন।
পুরস্কার প্রাপ্তির প্রতিক্রিয়ায় সার্জেন্ট জাহাঙ্গীর বলেন, “যেকোনো কাজের স্বীকৃতি কাজের প্রতি উদ্দীপনা বাড়িয়ে দেয়। আমি আমার দায়িত্ব সঠিকভাবে পালনের চেষ্টা করেছি। এই অর্জন আমার একার নয়, এটি পুরো ট্রাফিক টিমের এবং আমার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঠিক নির্দেশনার ফসল। আগামীতে গাইবান্ধার ট্রাফিক ব্যবস্থাকে আরও সুশৃঙ্খল করতে আমি বদ্ধপরিকর।”
অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, সার্জেন্ট জাহাঙ্গীর তার পেশাদারিত্ব এবং মানবিক পুলিশিংয়ের জন্য ইতিপূর্বেও শ্রেষ্ঠত্বের গৌরব অর্জন করেছিলেন। তার এই সাফল্যে সহকর্মী ও স্থানীয় মহলে প্রশংসার জোয়ার বইছে।

