
সৌভিক পোদ্দার, ঝিনাইদহ
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় আঞ্চলিক মহাসড়কের বিপজ্জনক বাঁক সরলীকরণ ও সড়ক উন্নয়ন প্রকল্পের অংশ হিসেবে উচ্ছেদ অভিযান চালিয়েছে ঝিনাইদহ সড়ক ও জনপথ (সওজ) বিভাগ।
অভিযানকালে অধিগ্রহণকৃত জমির ওপর গড়ে ওঠা কাঁচা-পাকাসহ মোট ২২টি অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার পাঠানপাড়া ও মনোহরপুর এলাকায় এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
সওজ সূত্রে জানা গেছে, শৈলকুপা অঞ্চলের গুরুত্বপূর্ণ আঞ্চলিক মহাসড়কের ঝুঁকিপূর্ণ বাঁকসমূহ সোজা করতে এবং যান চলাচল নিরাপদ ও গতিশীল করতে সরকারিভাবে এই প্রকল্প গ্রহণ করা হয়েছে। এর আওতায় পূর্বে অধিগ্রহণ করা জমির ওপর থাকা দোকানপাট, ঘরবাড়ি ও অন্যান্য স্থাপনা অপসারণে এ অভিযান চালানো হয়।
অভিযান চলাকালে স্থানীয় প্রশাসনের সহযোগিতায় সওজ বিভাগের কর্মকর্তারা উপস্থিত থেকে এস্কেভেটর (ভেকু) দিয়ে স্থাপনাগুলো ভেঙে ফেলেন। পরে উচ্ছেদকৃত স্থাপনার মালামাল ঘটনাস্থলেই উন্মুক্ত নিলামের মাধ্যমে ৫ লাখ ৩৫ হাজার টাকায় সর্বোচ্চ দাতার কাছে বিক্রি করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন সওজ-এর খুলনা বিভাগীয় এস্টেট ও আইন কর্মকর্তা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট পিজুস চন্দ্র দে, ঝিনাইদহ সওজ-এর নির্বাহী প্রকৌশলী হাফিজুর রহমান, উপ-বিভাগীয় প্রকৌশলী জিয়াউদ্দিন এবং সহকারী প্রকৌশলী আহসান-উল-কবীরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
ঝিনাইদহ সওজ-এর সহকারী প্রকৌশলী আহসান-উল-কবীর জানান, মহাসড়কের বাঁক সরলীকরণ প্রকল্প বাস্তবায়িত হলে এই রুটে সড়ক দুর্ঘটনা অনেকাংশে কমবে এবং যান চলাচলে গতি ও নিরাপত্তা বৃদ্ধি পাবে।
সওজ-এর খুলনা বিভাগীয় এস্টেট ও আইন কর্মকর্তা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট পীযূষ চন্দ্র দে বলেন, ‘আঞ্চলিক মহাসড়কের বাঁক সোজা ও সড়ক প্রশস্ত করার জন্য আট একরের মতো জমি অধিগ্রহণ করা হয়েছে। আজ আমরা ১.০৭ (এক দশমিক সাত) একর জমি অবমুক্ত করেছি। অভিযানকালে দুটি স্থানে কাঁচা, পাকা ও আধাপাকাসহ ২২ (বাইশ) টি স্থাপনা অপসারণ করা হয়েছে। জনস্বার্থে এই উন্নয়নমূলক কাজ দ্রুত শেষ করা হবে।’

