
আবু সুফিয়ান বাবু :
বাবা-মায়ের একমাত্র সন্তান ছিলেন আপেল। সংসারের হাল ধরতে ও পরিবারের মুখে হাসি ফোটাতে জীবিকার সন্ধানে গিয়েছিলেন রাজধানী ঢাকায়। কিন্তু সেই আপেল আর জীবিত ফিরে আসেননি। (১৭ মে) রবিবার সন্ধ্যায় ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া ইউনিয়নে পৌঁছায় তার নিথর দেহ।
এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে। একমাত্র সন্তানকে হারিয়ে বাবা-মা বারবার মূর্ছা যাচ্ছেন। প্রতিবেশীরা জানান, আপেল ছিলেন ভদ্র ও পরিশ্রমী একজন যুবক। পরিবারের স্বপ্ন পূরণে কঠোর পরিশ্রম করতেন তিনি।
স্থানীয় সূত্রে জানা গেছে, জীবিকার তাগিদে কিছুদিন আগে ঢাকায় যান আপেল। সেখানে কর্মরত অবস্থায় তার মৃত্যুর খবর পরিবারের কাছে পৌঁছায়। পরে স্বজনরা মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে আসেন।
আপেলের অকাল মৃত্যুতে পাড়িয়া ইউনিয়নসহ আশপাশের এলাকায় গভীর শোকের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা তার রুহের মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

