
সাধন সাহা জয়-ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে অসাবধানতাবশত পুকুরের পানিতে ডুবে হাবিব নামে তিন বছরের এক শিশুর অকাল মৃত্যু হয়েছে। ফুটফুটে সন্তানকে হারিয়ে পাগলপ্রায় বাবা-মা। একমাত্র সন্তানকে চিরতরে হারিয়ে পরিবারটিতে এখন চলছে মাতম।
শুক্রবার (১৫ মে) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের পূর্বপাড়া এলাকায় এই হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহত শিশু হাবিব ওই এলাকার বাসিন্দা ফয়সাল মিয়ার একমাত্র সন্তান ছিল।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, আজ দুপুর আড়াইটার দিকে বাড়ির পাশে অন্যান্য শিশুদের সাথে খেলছিল হাবিব। খেলার এক পর্যায়ে পরিবারের সবার অগোচরে সে বাড়ির পাশের একটি পুকুরে পড়ে তলিয়ে যায়। এদিকে দীর্ঘক্ষণ তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। কোথাও না পেয়ে একপর্যায়ে পুকুরের পানিতে হাবিবের মরদেহ ভেসে উঠতে দেখেন তারা।
তাৎক্ষণিকভাবে তাকে পানি থেকে উদ্ধার করে স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হলে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য আক্কল ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খেলতে গিয়ে সবার অজান্তে অসাবধানতাবশত শিশুটি পুকুরে পড়ে যায়। পরে ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করা হলেও ততক্ষণে আর তাকে বাঁচানো সম্ভব হয়নি।
একমাত্র সন্তানকে হারিয়ে ফয়সাল মিয়া ও তাঁর স্ত্রীর বুকফাটা আর্তনাদে ভারী হয়ে উঠেছে পূর্বপাড়া এলাকার বাতাস। এই মর্মান্তিক মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

