
মাসুম বিল্লাহ, খুলনা:
খুলনা মহানগরীর পরিবেশ সুরক্ষা ও সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) আয়োজনে এক গুরুত্বপূর্ণ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে নগর ভবনের জিআইজেড (GIZ) মিলনায়তনে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।
আগামী ১৮০ দিনের মধ্যে মহানগরীর বিভিন্ন স্থানে ৫০ হাজার গাছের চারা রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।কেসিসি’র নিজস্ব মালিকানাধীন জায়গা, বিভিন্ন সড়ক এবং খালের পাশের উন্মুক্ত জমিতে এই বনায়ন কর্মসূচি বাস্তবায়িত হবে।প্রধানমন্ত্রীর ঘোষিত দেশব্যাপী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে স্থানীয় সরকার বিভাগের নির্দেশনায় এই উদ্যোগ নেওয়া হয়েছে।
কেসিসি প্রশাসক তাঁর বক্তব্যে যে বিষয়গুলোর ওপর গুরুত্বারোপ করেন সে বিষয়গুলো হল, লক্ষ্য অর্জনে সরকারি-বেসরকারি সকল সংস্থা এবং বাণিজ্যিক ব্যাংকগুলোকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
কোন স্থানে কোন ধরনের গাছ রোপণ করা পরিবেশের জন্য সঠিক হবে, সে বিষয়ে বন বিভাগের পরামর্শ গ্রহণ করা।বৃক্ষরোপণকে একটি সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে। এ লক্ষ্যে প্রতিটি প্রতিষ্ঠানের সামনে সচেতনতামূলক প্যানা প্রদর্শন ও প্রচারণা চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। বৃক্ষরোপণের পাশাপাশি মশার প্রজনন রোধে কোথাও যেন পানি জমে না থাকতে পারে, সেদিকে লক্ষ্য রাখার জন্য নাগরিকদের প্রতি আহবান জানানো হয়েছে।
শহরের যে স্থানগুলোতে অগ্রাধিকার ভিত্তিতে বৃক্ষরোপণ করা হবে সে
স্থানগুলোতে হল,শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠান,সরকারি ও বেসরকারি অফিস,হাসপাতাল ও ক্লিনিক প্রাঙ্গণ,যাদের নিজস্ব জায়গা নেই, তারা চারা অনুদান হিসেবে প্রদান করে এই কর্মসূচিতে শরিক হতে পারবেন।
সভায় কেসিসির সচিব মোঃ রেজা রশীদ, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া জনতা ব্যাংক, ডাচ-বাংলা ব্যাংক, ব্র্যাক ব্যাংকসহ বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা এবং রূপান্তর, ব্র্যাক, সুশীলন, নবলোক ও সিয়ামের মতো এনজিও ও সামাজিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন।
খুলনাকে একটি পরিকল্পিত ও সবুজ নগরী হিসেবে গড়ে তুলতে এই ১৮০ দিনের কর্মসূচি অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

