
‘বিচারকদের বদলি বা পদায়নে সরকারের হস্তক্ষেপের সুযোগ নেই’: আইনমন্ত্রী
মাসুম বিল্লাহ, খুলনা:
খুলনা জেলা আইনজীবী সমিতির সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো: আসাদুজ্জামান বলেছেন, বিচারকদের আইন প্রণয়ন, বদলি বা পদায়নের ক্ষেত্রে সরকারের হস্তক্ষেপ করার কোনো সুযোগ নেই। তিনি একটি সম্পূর্ণ স্বাধীন বিচার বিভাগ নিশ্চিত করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
শুক্রবার (৮ মে) সকালে খুলনা জেলা আইনজীবী সমিতি ভবনে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এদিন ১৭৪ জন নবীন আইনজীবীকে বরণ করে নেওয়া হয় এবং সমিতির নবনির্বাচিত কমিটিকে সংবর্ধনা দেওয়া হয়।
আইনমন্ত্রী বলেন, “আওয়ামী সরকার যে ভঙ্গুর দেশ ও বিচার ব্যবস্থা রেখে গিয়েছিল, তা থেকে দেশকে ফিরিয়ে আনতে হাজারো মানুষকে আহত হতে হয়েছে, অকাতরে প্রাণ দিতে হয়েছে এবং অনেককে জেল খাটতে হয়েছে। আমরা সেই অবস্থার উত্তরণ চাই। বিচার বিভাগ হবে সম্পূর্ণ স্বাধীন ও প্রভাবমুক্ত।”
বর্তমান সময়ের অন্যতম আলোচিত বিষয় ‘জুলাই সনদ’ বাস্তবায়ন প্রসঙ্গে মন্ত্রী বলেন, “জুলাই সনদ বাস্তবায়নের প্রশ্নে বর্তমান সরকার ও প্রধানমন্ত্রী অত্যন্ত স্পষ্ট ও ঐক্যবদ্ধ। তবে দেশের বৃহত্তর স্বার্থে বিএনপি কিছু বিষয়ে ‘নোট অফ ডিসেন্ট’ (ভিন্নমত) দিয়েছে।” তিনি বারের উন্নয়ন এবং বিচারক ও আইনজীবীদের সততার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।
খুলনা জেলা আইনজীবী সমিতির সভাপতি মোল্লা মোহাম্মদ মাসুদ রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নজরুল ইসলাম মঞ্জু, প্রশাসক, খুলনা সিটি কর্পোরেশন,আমির এজাজ খান, সংসদ সদস্য,জাহাঙ্গীর হোসেন হেলাল, সংসদ সদস্য,হুরে জান্নাত, জেলা প্রশাসক, খুলনা,চাঁদ মোহাম্মদ আব্দুল আলীম আল রাজী, সিনিয়র জেলা ও দায়রা জজ।
অনুষ্ঠানে খুলনার বিভিন্ন আদালতের বিচারক এবং বিপুল সংখ্যক সিনিয়র ও জুনিয়র আইনজীবী উপস্থিত ছিলেন। বক্তারা নবীন আইনজীবীদের পেশাগত দক্ষতা ও নৈতিকতা বজায় রেখে বিচারপ্রার্থী মানুষের কল্যাণে কাজ করার পরামর্শ দেন।

