
মোঃ তাইনুল ইসলাম
চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি ভাঙারি দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় দোকান মালিকসহ আরও চারজন আহত হয়েছেন।
শনিবার (২ মে) দুপুরে উপজেলার বড় কুমিরা মাজার গেট এলাকার একটি ভাঙারি দোকানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আরমান পেশায় ভ্যানচালক ছিলেন। তিনি কুমিল্লা জেলার বাসিন্দা বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে কামাল সওদাগরের ভাঙারি দোকানে রাখা একটি গ্যাস সিলিন্ডার হঠাৎ বিকট শব্দে বিস্ফোরিত হয়। বিস্ফোরণের সময় দোকানের সামনে অবস্থান করা আরমান গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় দোকান মালিক কামাল উদ্দিনসহ আরও চারজন আহত হন।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। আহতদের মধ্যে দুজনকে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত আরও দুজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈনুল ইসলাম জানান, বিস্ফোরণের প্রকৃত কারণ অনুসন্ধান করা হচ্ছে। ঘটনার পর এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের শব্দে আশপাশের এলাকাও কেঁপে ওঠে।

