
সাধন সাহা জয়
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে যাত্রীবাহী নৌকায় বসার স্থান নিয়ে তুচ্ছ ঘটনার জেরে প্রতিপক্ষের ঘুষিতে হানিফ মিয়া (৫০) নামের এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুরে নবীনগর পৌর সদরের মনু বাবুর নৌকা ঘাটে এই ঘটনা ঘটে।
নিহত হানিফ মিয়া উপজেলার পূর্ব ইউনিয়নের বগডহর উত্তর পাড়া গ্রামের মৃত মালেক মিয়ার ছেলে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ দুপুরে নবীনগর সদরের মনু বাবুর ঘাট থেকে একটি যাত্রীবাহী নৌকা ছেড়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। এসময় নৌকায় বসার জায়গা নিয়ে হানিফ মিয়ার সাথে অন্য এক যাত্রীর কথা কাটাকাটি হয়। তর্কের এক পর্যায়ে প্রতিপক্ষ ক্ষিপ্ত হয়ে হানিফ মিয়ার বুকে ও মাথায় প্রচণ্ড জোরে ঘুষি মারলে তিনি সাথে সাথেই নৌকার পাটাতনে লুটিয়ে পড়েন।
তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে নবীনগর থানা পুলিশ হাসপাতাল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে। ঘটনার পর অভিযুক্ত ব্যক্তি কৌশলে পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।
এ বিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, তুচ্ছ ঘটনার জেরে এই হত্যাকাণ্ডটি ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে এবং অভিযুক্তকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
ঘাটে উপস্থিত সাধারণ যাত্রীরা এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং জনাকীর্ণ স্থানে এমন তুচ্ছ বিষয়ে প্রাণহানির ঘটনায় উদ্বেগ প্রকাশ করে দ্রুত বিচারের দাবি জানিয়েছেন।

