
সাধন সাহা জয়
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর-রাধিকা আঞ্চলিক সড়কে আবারও ঝরল তাজা প্রাণ। বেপরোয়া গতির মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দুই তরুণ। মর্মান্তিক এই ঘটনায় এলাকায় গভীর শোক ও স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ ২৩ এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যায় নবীনগর-রাধিকা সড়কে মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ভয়াবহ দুর্ঘটনার শিকার হন ওই দুই তরুণ। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে। নিহতরা হলেন
মাহিম খন্দকার (২২): পিতা অজ্ঞাত, গ্রাম: দড়ি শ্রীরামপুর, নবীনগর।
রাব্বি (২৩): গ্রাম: শ্যামগ্রাম, নবীনগর (প্রাথমিকভাবে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে)।
ঘটনার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। বর্তমানে দুই তরুণের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানা গেছে।
স্থানীয়দের উদ্বেগ ও ক্ষোভ
নবীনগর-রাধিকা সড়কটি ইদানীং যেন ‘মৃত্যুফাঁদে’ পরিণত হয়েছে। বারবার একই সড়কে প্রাণহানির ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম উদ্বেগ দেখা দিয়েছে। এলাকাবাসীর অভিযোগ, চালকদের অসতর্কতা ও বেপরোয়া গতির কারণে নিয়মিত বিরতিতে এমন দুর্ঘটনা ঘটছে।
”আমরা আর কত লাশ দেখব? এই সড়কে প্রায়ই তরুণরা প্রাণ হারাচ্ছে। প্রশাসনের উচিত দ্রুত গতিরোধক স্থাপন এবং ট্রাফিক আইন কঠোরভাবে কার্যকর করা।” — ক্ষুব্ধ এক স্থানীয় বাসিন্দা।

