
মোঃ জাহিদ হোসেন জিমু-গাইবান্ধা
গাইবান্ধার পলাশবাড়ীতে পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে এবং অভিযুক্ত ধর্ষক রিফাতকে দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে কয়েকশ শিশু শিক্ষার্থী ও স্থানীয় এলাকাবাসী।
মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে উপজেলার বরিশাল এলাকায় এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বরিশাল সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ আশেপাশের তিনটি বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক এবং সচেতন এলাকাবাসী অংশ নেন।
ঘটনার প্রেক্ষাপট
সূত্রে জানা গেছে, গত ৪ এপ্রিল শনিবার সন্ধ্যায় উপজেলার ভবানীপুর গ্রামে এই নৃশংস ঘটনাটি ঘটে। বরিশাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থী প্রতিবেশীর বাড়ি থেকে দুধ নিয়ে ফেরার পথে একই গ্রামের আজাদুল ইসলামের ছেলে রিফাত তার পথরোধ করে। পরে তাকে জোরপূর্বক পাশের একটি বাঁশঝাড়ে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা বাদী হয়ে পলাশবাড়ী থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করলেও ঘটনার কয়েকদিন পেরিয়ে গেলেও পুলিশ এখনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি।
মানববন্ধনে অংশ নেওয়া শিশু শিক্ষার্থীরা তাদের সহপাঠীর ওপর হওয়া এই পাশবিক নির্যাতনের বিচার চেয়ে নানা স্লোগান দেয়। তাদের হাতে থাকা প্লাকার্ডে ধর্ষক রিফাতের ফাঁসি ও দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়।
বক্তব্য দিতে গিয়ে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থী কান্নাজড়িত কণ্ঠে বলে, “আমাদের সহপাঠীর সাথে যে অন্যায় হয়েছে, আমরা তার বিচার চাই। আমরা চাই পুলিশ দ্রুত ধর্ষককে গ্রেপ্তার করুক এবং তার সর্বোচ্চ শাস্তি হোক।”
এলাকাবাসীর অভিযোগ, মামলা হওয়ার পরও ধর্ষক রিফাত প্রকাশ্যেই এলাকা ছেড়ে পালিয়ে যেতে সক্ষম হয়েছে। পুলিশের পক্ষ থেকে দৃশ্যমান কোনো অগ্রগতি না থাকায় তারা চরম ক্ষোভ প্রকাশ করেন। অবিলম্বে আসামিকে গ্রেপ্তার করা না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।
পলাশবাড়ী থানা পুলিশ জানিয়েছে, আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তবে রিফাত পলাতক থাকায় তাকে ধরতে কিছুটা সময় লাগছে। ভুক্তভোগী পরিবারটি বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে এবং দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে।

