
সাধন সাহা জয়-ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিদ্যুৎ না থাকার অজুহাতে সাধারণ চালকদের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে মাঝিকাড়া গ্রামের মোয়াজ্জেম নামে এক যুবকের বিরুদ্ধে। আজ বুধবার দুপুরে নবীনগর আলিয়াবাদ গোল চত্বরে এ ঘটনা ঘটে। বর্তমানে অভিযুক্ত যুবক পুলিশ হেফাজতে রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে মাঝিকাড়া গ্রামের বাসিন্দা মোয়াজ্জেম আলিয়াবাদ গোল চত্বরে এসে অবস্থানরত সিএনজি, অটোরিকশা, বাস ও ট্রাক চালকদের জড়ো হওয়ার নির্দেশ দেন। তিনি চালকদের পল্লী বিদ্যুৎ অফিসে গিয়ে বিক্ষোভ করার জন্য চাপ দেন। চালকরা তার এই প্রস্তাবে রাজি না হওয়ায় মোয়াজ্জেম উত্তেজিত হয়ে ওঠেন।
একপর্যায়ে তার কাছে থাকা দেশীয় চাপাতি ও রড দিয়ে চালকদের ওপর অতর্কিত হামলা চালান তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোয়াজ্জেম বেশ কয়েকটি গাড়ির গ্লাস ভাঙচুর করেন এবং চালকদের মারধর করেন। এতে এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং চালকরা প্রাণভয়ে দিগ্বিদিক ছুটতে থাকেন।
ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে স্থানীয় সাংবাদিক ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে পুলিশ অভিযুক্ত মোয়াজ্জেমকে আটক করে থানায় নিয়ে যায়।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম মুঠোফোনে সাংবাদিকদের জানান:
”বিদ্যুৎ বিভ্রাটের ঘটনাকে কেন্দ্র করে চালকদের ওপর হামলার খবর পেয়ে আমরা দ্রুত ব্যবস্থা নিয়েছি। অভিযুক্ত মোয়াজ্জেমকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং আজই তাকে ব্রাহ্মণবাড়িয়া আদালতে চালান দেওয়া হবে।

