
মাসুম বিল্লাহ-খুলনা :
দীর্ঘদিন ধরে চলা জনদুর্ভোগের অবসান হতে চলেছে রামনগর মহরের বটতলা এলাকায়। এলাকার ১ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী গোলাম রব্বানীর ব্যক্তিগত উদ্যোগে এবং স্থানীয় একদল উদ্যমী যুবকের সক্রিয় সহযোগিতায় আজ সকাল থেকে শুরু হয়েছে দীর্ঘকাল ধরে পড়ে থাকা ভাঙা কালভার্টটির মেরামত কাজ।
এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, বটতলা এলাকার এই কালভার্টটি দীর্ঘদিন ধরে ভাঙা অবস্থায় পড়ে ছিল। ফলে যাতায়াতে চরম সমস্যা হচ্ছিল। বিশেষ করে বর্ষাকালে সামান্য বৃষ্টিতেই এখানে জলাবদ্ধতা তৈরি হতো এবং ভাঙা অংশে দুর্ঘটনার আশঙ্কা লেগেই থাকত। স্থানীয়রা জানান, বারবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা সত্ত্বেও কোনো কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়নি।
এই সংকটময় অবস্থায় জনদুর্ভোগ লাঘবে ১ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী গোলাম রব্বানী নিজ উদ্যোগে কালভার্টটি মেরামতের সিদ্ধান্ত নেন। তাঁর এই ডাকে সাড়া দিয়ে স্থানীয় যুবক সম্রাট মোল্লা, মো: মজিবর সানা, মোঃ ফরহাদ, মোঃ ইউসুফ এবং মোহাম্মদ আনোয়ার কাজের সার্বিক সহযোগিতা ও পরিচালনার দায়িত্ব গ্রহণ করেন।
গোলাম রব্বানীর এই উদ্যোগে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। এলাকার বাসিন্দারা জানান, মেম্বার পদপ্রার্থী হয়েও তিনি যেভাবে সাধারণ মানুষের কষ্টের কথা ভেবে এগিয়ে এসেছেন, তা সত্যিই প্রশংসনীয়। তারা গোলাম রব্বানী ও সহযোগিতাকারী যুবকদের আন্তরিক ধন্যবাদ জানান।
এ বিষয়ে মেম্বার পদপ্রার্থী গোলাম রব্বানী বলেন, “আমি সবসময় জনগণের সেবক হিসেবে পাশে থাকতে চাই। এলাকার এই সমস্যাটি দীর্ঘদিনের ছিল এবং মানুষের কষ্ট দেখে আমি স্থির থাকতে পারিনি। তাই নিজ সামর্থ্যে এটি মেরামতের উদ্যোগ নিয়েছি। আমার সাথে যে তরুণরা কাজ করছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞ। ইনশাআল্লাহ, আমরা সবাই মিলে আমাদের এলাকাকে একটি আদর্শ ও উন্নত এলাকায় রূপান্তর করব।”
এই মেরামতের ফলে রামনগর মহরের বটতলা এলাকার যোগাযোগ ব্যবস্থায় যেমন গতি ফিরবে, তেমনি লাঘব হবে হাজারো মানুষের নিত্যদিনের ভোগান্তি।

