
মার্শাল হাসান :
গত ১৭ ও ১৮ এপ্রিল ২০২৬ বাংলাদেশ কারাতে ফেডারেশনের আয়োজনে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় ৩০তম জাতীয় কারাতে প্রতিযোগিতা ২০২৬।

দুই দিনব্যাপী এ প্রতিযোগিতায় চমৎকার নৈপুণ্য প্রদর্শন করে বাংলাদেশ সেনাবাহিনী ১৩টি স্বর্ণ ও ৪টি রৌপ্য পদক অর্জন করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অন্যদিকে ৪টি স্বর্ণ ও ৫টি রৌপ্য পদক নিয়ে রানার্সআপ হয় বাংলাদেশ আনসার।
এবারের আসরে ২১টি ইভেন্টে দেশের বিভিন্ন জেলা, বিভাগ ও সংস্থার প্রায় ৭০০ জন কারাতে খেলোয়াড় অংশগ্রহণ করেন। প্রতিযোগিতাজুড়ে খেলোয়াড়দের মধ্যে ছিল তীব্র প্রতিদ্বন্দ্বিতা ও দৃষ্টিনন্দন পারফরম্যান্স।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ কারাতে ফেডারেশনের সম্মানিত সভাপতি জনাব শাহজাদা আলম এবং সাধারণ সম্পাদক জনাব মোয়াজ্জেম হোসেন সেন্টু সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। এ সময় সাধারণ সম্পাদক জনাব মোয়াজ্জেম হোসেন সেন্টু বলেন, “এবারের জাতীয় চ্যাম্পিয়নশিপে আমরা বেশ ভালো মানের কারাতেকাদের পেয়েছি। যারা ভালো করেছে, তারা আগামী জুলাইয়ে ঢাকায় অনুষ্ঠিত সাউথ এশিয়ান কারাতে চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণের সুযোগ পাবে। আশা করি তারা দেশের জন্য সুনাম বয়ে আনবে।”
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন দেশের কারাতে অঙ্গনকে আরও সমৃদ্ধ করবে এবং আন্তর্জাতিক পর্যায়ে দক্ষ খেলোয়াড় গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

