ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন নেতৃত্ব নিয়ে দলীয় অঙ্গনে ব্যাপক আলোচনা চলছে। তৃণমূল নেতাকর্মী থেকে শুরু করে সিনিয়র পর্যায়ের অনেকের পছন্দের তালিকায় শীর্ষে রয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব শফিকুল ইসলাম খান (মিল্টন) সভাপতি হিসেবে এবং ঢাকা-১৮ আসনের মাননীয় সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন সাধারণ সম্পাদক হিসেবে।
দলীয় সূত্রে জানা যায়, বিএনপি সরকার গঠনের পর রাজধানীর উন্নয়ন কার্যক্রমে নতুন গতি এসেছে। বিশেষ করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব পালনকালে শফিকুল ইসলাম খান মিল্টন নগর উন্নয়নে দৃশ্যমান অগ্রগতি অর্জন করেছেন। তিনি দিন-রাত প্রায় ১৬ ঘণ্টা কর্মব্যস্ত থেকে নগরীর অবকাঠামো উন্নয়ন, মশক নিয়ন্ত্রণ, বর্জ্য ব্যবস্থাপনা ও জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছেন, যা নগরবাসীর মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে।
এছাড়া তিনি নিয়মিতভাবে মহানগরের বিভিন্ন থানা ও ওয়ার্ড পরিদর্শন করে জনগণের সমস্যার কথা শুনছেন এবং তাৎক্ষণিক সমাধানের উদ্যোগ নিচ্ছেন। তার এই কর্মতৎপরতা ও তৃণমূলমুখী নেতৃত্ব তাকে দলীয়ভাবে অন্যতম গ্রহণযোগ্য নেতায় পরিণত করেছে। ফলে অনেকেই তাকে ঢাকা মহানগর উত্তর বিএনপির সভাপতির দায়িত্বে দেখতে আগ্রহ প্রকাশ করছেন।
অন্যদিকে, ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন দীর্ঘদিনের পরীক্ষিত, ত্যাগী ও কর্মীবান্ধব নেতা হিসেবে সুপরিচিত। ছাত্রদল ও যুবদলের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করে তিনি সংগঠনের ভেতরে শক্ত অবস্থান গড়ে তুলেছেন। সর্বশেষ তিনি ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। মাঠপর্যায়ে তার সক্রিয়তা, নেতাকর্মীদের সাথে নিবিড় সম্পর্ক এবং জনসম্পৃক্ত রাজনীতির কারণে সাধারণ সম্পাদক পদে তাকে এগিয়ে রাখা হচ্ছে।
দলীয় নেতাকর্মীদের প্রত্যাশা, শফিকুল ইসলাম খান মিল্টন ও এস এম জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত নেতৃত্ব ঢাকা মহানগর উত্তর বিএনপিকে একটি শক্তিশালী, সুসংগঠিত ও আধুনিক কাঠামোয় রূপান্তর করবে।
মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের রাজনৈতিক দিকনির্দেশনা বাস্তবায়ন এবং একটি শক্তিশালী সাংগঠনিক প্ল্যাটফর্ম গড়ে তুলতে এই নেতৃত্বকে সময়োপযোগী ও কার্যকর বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এদিকে, সম্ভাব্য এই কমিটি ঘিরে ঢাকা মহানগর উত্তরের সর্বস্তরের নেতাকর্মী ও সমর্থকদের মাঝে ব্যাপক আগ্রহ ও প্রত্যাশা তৈরি হয়েছে। এখন সবার দৃষ্টি দলীয় উচ্চপর্যায়ের আনুষ্ঠানিক ঘোষণার দিকে।