
মোঃ জাহিদ হোসেন জিমু-গাইবান্ধা
উৎসবের আমেজে গাইবান্ধায় বৈশাখী শোভাযাত্রা, শহরজুড়ে বর্ণিল আয়োজন
বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনকে ঘিরে গাইবান্ধায় উৎসবমুখর পরিবেশে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে এ আয়োজন করা হয়।
সকাল ৯টার দিকে শহরের স্বাধীনতা প্রাঙ্গন থেকে শোভাযাত্রাটি যাত্রা শুরু করে। এতে শিক্ষক, শিক্ষার্থী, সাংস্কৃতিক কর্মী, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো শহর উৎসবের রঙে রঙিন হয়ে ওঠে। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে আবার একই স্থানে গিয়ে শেষ হয়।
বর্ণিল এই শোভাযাত্রায় গ্রামীণ ঐতিহ্যের নানা উপকরণ ও শিল্পকর্ম বিশেষভাবে দৃষ্টি কাড়ে। গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি, মুখোশ, পাপেট, পাখি ও মাছের প্রতিকৃতি প্রদর্শনের মাধ্যমে বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির বিভিন্ন দিক তুলে ধরা হয়।
এ সময় উপস্থিত ছিলেন গাইবান্ধা সদর-০২ আসনের সংসদ সদস্য আব্দুল করিম, জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার, অতিরিক্ত পুলিশ সুপার বিদ্রোহ কুমার কুন্ড এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুলসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
শোভাযাত্রা শেষে স্বাধীনতা প্রাঙ্গনে আলোচনা সভা, সাংস্কৃতিক পরিবেশনা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যা নববর্ষের আনন্দকে আরও বাড়িয়ে তোলে।

