
সাধন সাহা জয়-ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার জিনোদপুর ইউনিয়নের বাঙ্গুরা কাঠপট্টি বাজার এলাকায় সরকারি খাল অবৈধভাবে ভরাট করে দোকানঘর নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় দুই প্রভাবশালী ভাইয়ের বিরুদ্ধে।

সরকারের প্রচলিত নিয়মনীতি তোয়াক্কা না করে আরসিসি পিলার বসিয়ে খালের জায়গা দখল করায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।
সরেজমিনে আজ (০৭ এপ্রিল) মঙ্গলবার দুপুরে বাঙ্গুরা এলাকায় গিয়ে দেখা যায়, জিনোদপুর ইউনিয়নের বাঙ্গুরা কাঠপট্টি বাজার সংলগ্ন ব্রিজের পশ্চিম পাশে অবস্থিত সরকারি খালটি অবৈধভাবে ভরাট করা হচ্ছে।
এলাকার প্রভাবশালী এরশাদ মিয়া ও তার ভাই রফিকুল ইসলাম খালের স্বাভাবিক পানি প্রবাহ বাধাগ্রস্ত করে সেখানে আরসিসি পিলার বসিয়ে বিশাল দুটি দোকানঘর নির্মাণ করছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক বাজারের একাধিক ব্যবসায়ী ক্ষোভ প্রকাশ করে জানান, যেখানে প্রধানমন্ত্রী সারা দেশে খাল খনন ও জলাশয় রক্ষার কঠোর নির্দেশ দিচ্ছেন, সেখানে এরশাদ ও রফিকুল প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে জনগুরুত্বপূর্ণ এই সরকারি খালটি দখল করছেন। প্রভাব খাটিয়ে তারা এই নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ সাধারণ মানুষের।
সরকারি জায়গা দখলের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত এরশাদ মিয়া দম্ভোক্তি করে অসংলগ্ন বক্তব্য দেন। তিনি প্রথমে জায়গাটি সরকারি বলে স্বীকার করলেও পরে তা নিজের দাবি করেন। তবে জমির মালিকানার সপক্ষে কোনো বৈধ কাগজপত্র তিনি দেখাতে পারেননি।
এ বিষয়ে নবীনগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদুল হাসান সাংবাদিকদের মুঠোফোনে জানান, গণমাধ্যমকর্মীদের মাধ্যমে বিষয়টি আমরা অবগত হয়েছি। সরকারি খাল বা জলাশয় দখলের কোনো সুযোগ নেই।
তিনি আরও বলেন, “বিষয়টি নিয়ে ইতোমধ্যে সহকারী কমিশনার (ভূমি)-কে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। দ্রুত তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

