
সাধন সাহা জয়-ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অসুস্থ ও রুগ্ন গরুর মাংস বিক্রির দায়ে দুই ব্যক্তিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ বৃহস্পতিবার সকালে আখাউড়া কলেজপাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন আখাউড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কফিল উদ্দিন মাহমুদ।
দণ্ডপ্রাপ্তরা হলেন—পৌরসভার কলেজপাড়া এলাকার মো. শামছুজ্জামান (৩৯) এবং আনোয়ারপুর এলাকার মো. ছালাম (৬৫)। আদালত শামছুজ্জামানকে ৫ হাজার টাকা এবং মো. ছালামকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
অভিযান সূত্রে জানা গেছে, ওই দুই ব্যক্তি অন্য এলাকা থেকে একটি অসুস্থ গরু জবাই করে এনে কলেজপাড়া এলাকায় বিক্রির উদ্দেশ্যে পসরা সাজিয়েছিলেন।
স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করেন। জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হওয়ায় উদ্ধারকৃত সব মাংস পরে মাটিতে পুঁতে বিনষ্ট করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কফিল উদ্দিন মাহমুদ জানান, জনস্বার্থ রক্ষায় এ ধরনের অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রশাসনের কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

