
সাধন সাহা জয়-ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার চর গোসাইপুর গ্রামে অসহায় ও দুস্থ মানুষের সেবায় দিনব্যাপী এক ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) আবুল খায়ের ওয়েলফেয়ার অর্গানাইজেশনের উদ্যোগে এই মানবিক কার্যক্রমের আয়োজন করা হয়।
সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চর গোসাইপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এই ক্যাম্পে রোগীদের চিকিৎসাসেবা প্রদান করেন অভিজ্ঞ চিকিৎসক ডা. সাঈদ সিদ্দিকী সোয়ান। দিনব্যাপী এই কার্যক্রমে এলাকার বিভিন্ন প্রান্ত থেকে আসা মোট ২৭৪ জন সাধারণ রোগী বিনামূল্যে বিশেষজ্ঞ পরামর্শ ও চিকিৎসাসেবা গ্রহণ করেন।
চিকিৎসাপত্র প্রদানের পাশাপাশি উপস্থিত সকল রোগীদের মাঝে প্রয়োজনীয় ওষুধও বিনামূল্যে বিতরণ করা হয়।
ক্যাম্প চলাকালীন উপস্থিত ছিলেন আবুল খায়ের ওয়েলফেয়ার অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মানজুরুল ওয়াছে, হেড অব প্রজেক্টস ও কোষাধ্যক্ষ মো. ওমর ফারুক, ক্লিনিক ইনচার্জ ফাতেমা বেগম, সাংগঠনিক সম্পাদক সুমাইয়া আক্তার এবং নার্স মুন্নি আক্তার।
অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন আইটি ও প্রচার পরিচালক মাজহারুল করিম অভি, শামসুল হক স্মৃতি ফাউন্ডেশনের উপদেষ্টা মনিরুল হক এবং মীর জালালুদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আয়োজক সংস্থা জানায়, অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতেই তাদের এই ক্ষুদ্র প্রয়াস এবং ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কাজ অব্যাহত থাকবে।

