
সাধন সাহা জয়-ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মো. আলী আজমকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৫ মার্চ) রাত ১টার দিকে সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়নের সিন্দিউরূ গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, আলী আজমের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। বুধবার রাতে তিনি গোপনে নিজ বাড়িতে অবস্থান করছেনএমন সংবাদের ভিত্তিতে পুলিশ ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি যৌথ দল ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, গ্রেপ্তারের পর আলী আজম অসুস্থ হয়ে পড়লে তাকে তাৎক্ষণিকভাবে জেলা সদর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসা শেষে তাকে থানায় নিয়ে আসা হয়।
ওসি আরও জানান, আজ বৃহস্পতিবার সকালে পুনরায় হাসপাতালে তার শারীরিক পরীক্ষা (চেকআপ) সম্পন্ন করা হয়। এরপর তাকে সংশ্লিষ্ট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

