
মাসুম বিল্লাহ-খুলনা:
খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে সার্কিট হাউজ মাঠে আসন্ন ঈদুল ফিতরের প্রধান জামাত আয়োজনের প্রস্তুতি কাজ পরিদর্শন করেছেন। পরিদর্শন শেষে তিনি জানান, আজ সন্ধ্যার মধ্যেই মাঠের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হবে।
কেসিসি প্রশাসক গণমাধ্যমকর্মীদের বলেন, “খুলনা সার্কিট হাউজ মাঠ একটি ঐতিহাসিক ময়দান। এখানে প্রতিবছর হাজার হাজার নগরবাসী ঈদের নামাজ আদায় করেন। মুসল্লিরা যেন সুষ্ঠুভাবে ও স্বাচ্ছন্দ্যে নামাজ আদায় করতে পারেন, সেজন্য সিটি কর্পোরেশনের পক্ষ থেকে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। আশা করি, নগরবাসী নিরাপত্তার সাথে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করতে পারবেন।”
পরিদর্শনকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ, রেঞ্জ ডিআইজি মোঃ রেজাউল হক, কেএমপি পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, কেসিসি প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, জেলা প্রশাসক আ. স. ম. জামশেদ খোন্দকারসহ জেলা ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
খুলনায় ঈদের জামাতের সময়সূচি: প্রধান জামাত (সার্কিট হাউজ মাঠ): সকাল ৮:০০ টা। খুলনা টাউন জামে মসজিদ: দ্বিতীয় জামাত সকাল ৯:০০ টা এবং তৃতীয় জামাত সকাল ১০:০০ টা। (আবহাওয়া প্রতিকূল হলে এখানে সকাল ৮:০০ টায় প্রথম জামাত অনুষ্ঠিত হবে)।মডেল মসজিদ (আলিয়া মাদ্রাসা সংলগ্ন) ও বয়রা মডেল মসজিদ: সকাল ৮:৩০ টা।খালিশপুর ঈদগাহ ও বসুপাড়া ইসলামাবাদ ঈদগাহ: সকাল ৮:০০ টা।
বায়তুন নূর জামে মসজিদ: প্রথম জামাত সকাল ৮:০০ টা এবং দ্বিতীয় জামাত সকাল ৯:০০ টা। খুলনা বিশ্ববিদ্যালয়: কেন্দ্রীয় জামে মসজিদে সকাল ৭:৩০ টায় জামাত অনুষ্ঠিত হবে। এখানে মহিলাদের জন্য পৃথক নামাজের ব্যবস্থা রাখা হয়েছে।খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট): কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে সকাল ৭:৩০ টায় জামাত অনুষ্ঠিত হবে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সুষ্ঠুভাবে জামাত আয়োজনের লক্ষ্যে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্বেচ্ছাসেবক দল তৎপর থাকবে।

