
সাধন সাহা জয়-ব্রাহ্মণবাড়িয়া :
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৪২ লাখ ১৫ হাজার টাকা মূল্যের ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ করেছে। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার ইসলামপুর এলাকায় একটি কাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে এসব মালামাল উদ্ধার করা হয়।
বিজিবি ২৫ ব্যাটালিয়ন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাব্বার আহমেদের নির্দেশনায় সীমান্ত পিলার-২০০১/এমপি থেকে প্রায় পাঁচ কিলোমিটার ভেতরে ইসলামপুর নামক স্থানে এই অভিযান পরিচালিত হয়।
সিলেট থেকে ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড হয়ে ঢাকাগামী একটি কাভার্ড ভ্যানকে সন্দেহবশত থামিয়ে তল্লাশি করে বিজিবি সদস্যরা।
তল্লাশিকালে ভ্যানটি থেকে ২,৮৫০ কেজি ফুচকা, ৩,০০০ প্যাকেট সিগারেট এবং ১,২৬০ কেজি জিরা উদ্ধার করা হয়।
জব্দকৃত এসব ভারতীয় পণ্যের আনুমানিক বাজারমূল্য ৪২ লাখ ১৫ হাজার টাকা।
বিজিবি ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাব্বার আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত চোরাচালানি মালামাল আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
সীমান্ত এলাকায় চোরাচালান রোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে

