
নিজস্ব প্রতিবেদক :
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান মিল্টন নগরবাসীর সেবার মান উন্নত করতে মাঠ পর্যায়ের কার্যক্রম জোরদার করেছেন। এরই ধারাবাহিকতায় আজ ৭ মার্চ ২০২৬ তিনি উত্তরখান এলাকায় ডিএনসিসির অঞ্চল-৮ কার্যালয় এবং সাতারকুল এলাকায় অবস্থিত অঞ্চল-১০ কার্যালয় পরিদর্শন করেন।
পরিদর্শনকালে প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান মিল্টন আঞ্চলিক অফিসগুলোর সার্বিক কার্যক্রম, কর্মপরিবেশ এবং নাগরিক সেবা প্রদানের বিভিন্ন দিক পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় করেন এবং নগরবাসীকে দ্রুত ও মানসম্মত সেবা নিশ্চিত করতে বেশ কিছু গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
তিনি বলেন, নগরবাসীর প্রত্যাশা পূরণ করতে হলে সিটি কর্পোরেশনের প্রতিটি কর্মকর্তা-কর্মচারীকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। সেবাপ্রার্থীরা যেন কোনো ধরনের ভোগান্তির শিকার না হন, সে বিষয়ে সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
প্রশাসক আরও বলেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনকে একটি আধুনিক, সুশৃঙ্খল ও নাগরিকবান্ধব প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে প্রশাসন দৃঢ়ভাবে কাজ করে যাচ্ছে। এজন্য আঞ্চলিক কার্যালয়গুলোকে আরও কার্যকর ও জনবান্ধব করে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
পরিদর্শন শেষে তিনি কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে বলেন, নগরবাসীর কল্যাণ ও উন্নয়নের লক্ষ্যে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। এতে করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সেবা কার্যক্রম আরও গতিশীল ও উন্নত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

