
মাসুম বিল্লাহ-খুলনা :
মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদায় ও ভাবগম্ভীর পরিবেশে পালনের লক্ষ্যে খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন খুলনার জেলা প্রশাসক আ. স. ম. জামশেদ খোন্দকার।
সভার শুরুতেই জেলা প্রশাসক গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আন্তরিক সহযোগিতার জন্য জেলার সকল পর্যায়ের কর্মকর্তাদের বিশেষ ধন্যবাদ জানান। তিনি আসন্ন ২১শে ফেব্রুয়ারির সকল কর্মসূচিতে কর্মকর্তাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি নিশ্চিত করার অনুরোধ জানান। সভায় ২১শে ফেব্রুয়ারির প্রথম প্রহরে শ্রদ্ধা নিবেদনের বিস্তারিত পরিকল্পনা তুলে ধরা হয়:
পুষ্পস্তবক অর্পণ: ২১শে ফেব্রুয়ারি রাত ১২টা ০১ মিনিটে খুলনা শহিদ হাদিস পার্কের শহিদ মিনারে আনুষ্ঠানিকভাবে পুষ্পস্তবক অর্পণ করা হবে।
জাতীয় পতাকা উত্তোলন: সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত, বেসরকারি ভবন ও শিক্ষাপ্রতিষ্ঠানে সঠিক নিয়মে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।
সাংস্কৃতিক ও শিক্ষামূলক প্রতিযোগিতা: খুলনা সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে শিক্ষার্থীদের জন্য বিশেষ চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হবে। এছাড়াও সকাল ১১টায় খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়।
ধর্মীয় ও বিশেষ প্রার্থনা: ভাষা শহিদদের রূহের মাগফেরাত এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বাদ জোহর কালেক্টরেট জামে মসজিদসহ নগরীর সকল মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে।মন্দির, গীর্জা ও অন্যান্য উপাসনালয়ে দিবসটি উপলক্ষে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।
প্রস্তুতিমূলক এই সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,বিতান কুমার মন্ডল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক),মোছা: তাছলিমা আক্তার, ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদ,শেখ ইমরান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি),স্থানীয় বীর মুক্তিযোদ্ধাগণ সহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা।

