
জহুরুল ইসলাম জপি-শেরপুর :
শেরপুরের সদর উপজেলার চর মোচরিয়া ইউনিয়নের একটি ভোটকেন্দ্রে তিনটি ব্যালট বই ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ দুইজনকে আটক করেছে। উদ্ধার করা হয়েছে একটি ব্যালট বই।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল প্রায় ১০টার দিকে নলবাইদ দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। কেন্দ্রটির দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং কর্মকর্তা মো. শাহিদুল ইসলাম জানান, সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছিল। হঠাৎ কয়েকজন বহিরাগত ব্যক্তি কেন্দ্রে ঢুকে দুটি কক্ষ থেকে তিনটি ব্যালট বই নিয়ে দ্রুত সরে পড়ে।
তিনি আরও জানান, ছিনতাইকৃত ব্যালট বইগুলোর মধ্যে দুটি ছিল জাতীয় সংসদ নির্বাচনের এবং একটি গণভোটের। পরে সংসদ নির্বাচনের একটি ব্যালট বই উদ্ধার করা হয়, যেখানে ধানের শীষ প্রতীকে কয়েকটি ভোট দেওয়া ছিল। তবে একটি সংসদীয় এবং একটি গণভোটের ব্যালট বই এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।
ঘটনার পরপরই প্রশাসনকে জানানো হলে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এ ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে আটক করেছে পুলিশ। আটককৃতদের মধ্যে মাসুদ নামের একজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন বছরের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

