
সাধন সাহা জয়-ব্রাহ্মণবাড়িয়া :
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী এম এ হান্নান ও জামায়াতে ইসলামীর প্রার্থী আমিনুল ইসলামকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
গতকাল বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এন এম কায়সার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট কায়সার জানান, নির্বাচনী জনসভাকে কেন্দ্র করে আচরণবিধি ভঙ্গ করে দুই প্রার্থী তোরণ নির্মাণ করেন। এ ছাড়া জামায়াতের প্রার্থী রঙিন ব্যানার এবং বিএনপি প্রার্থী রঙিন ফেস্টুন ব্যবহার করেন।
জামায়াত প্রার্থীর প্রতীক নির্ধারিত আকারের চেয়ে বড় আকারে প্রদর্শন করা হয়।
এসব কারণে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে জামায়াতে ইসলামীর প্রার্থী আমিনুল ইসলামকে ৩০ হাজার টাকা এবং বিএনপির প্রার্থী এম এ হান্নানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
পাশাপাশি রঙিন ব্যানার-ফেস্টুন ও তোরণ অপসারণ করা হয়েছে বলে জানান তিনি।

