
সাধন সাহা জয়-ব্রাহ্মণবাড়িয়া :
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নাটঘর ইউনিয়ন বিএনপির কার্যালয় আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। গতকাল মধ্যরাতে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, উপজেলার নাটঘর ইউনিয়নের একুইছড়া বাজারে রবিবার মধ্যরাতে আগুনে বিএনপির দলীয় কার্যালয় ও চারটি দোকান পুড়ে যায়। এতে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষতি হয় বলে ভুক্তভোগীরা জানান।
এদিকে অগ্নিসংযোগের ঘটনার পর স্থানীয় বিএনপি এ ঘটনার জন্য ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে বিএনপির বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী কাজী নাজমুল হোসেন তাপসের অনুসারী জেলা বিএনপির এক প্রভাবশালী নেতাকে দায়ী করা হয়েছে। তবে অভিযোগকে ‘মিথ্যা’ ও ‘হাস্যকর’ দাবি করে পাল্টা অভিযোগ করছেন ওই প্রভাবশালী নেতা।
নাটঘর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু হানিফ মোল্লা বলেন, ‘আমাদের নেতা বিএনপি মনোনীত প্রার্থী অ্যাড. আব্দুল মান্নানের নির্বাচনী প্রচার চলাকালে গতকাল রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে আমাকে ফোনে হুমকি দেন।’ সদ্য বহিষ্কার হওয়া জেলা বিএনপির অর্থ সম্পাদক, ফুটবল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী কাজী নাজমুল হোসেন তাপসের অনুসারী জেলা বিএনপির সদস্য হজরত আলী মোবাইল ফোনে এই হুমকি দেন বলে অভিযোগ করেন তিনি।
ফোনে হুমকি দেওয়ার পরই মধ্যরাতে নাটঘর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে এই অগ্নিসংযোগের ঘটনাটি ঘটেছে বলে দাবি করেন তিনি।
তবে অভিযোগ সরাসরি অস্বীকার করে জেলা বিএনপির সদস্য হজরত আলী বলেন, ‘সম্পূর্ণ মিথ্যা এ ধরনের অভিযোগ। একেবারেই হাস্যকর। আমরা মনে করি, আমাদের স্বতন্ত্র প্রার্থীর ফুটবল প্রতীকের গণজোয়ার ও জনপ্রিয়তায় ভীত হয়ে হানিফ মোল্লারা নিজেরাই এ ধরনের আগুন লাগিয়ে মিথ্যা অভিযোগ তুলে ফায়দা হাসিল করতে চাচ্ছেন।
আমিও এ ঘটনার সুষ্ঠু তদন্ত চাই।’
এদিকে আজ সকালে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাড. আব্দুল মান্নান বিএনপির ক্ষতিগ্রস্ত কার্যালয় পরিদর্শন শেষে কালের কণ্ঠকে বলেন, নাটঘরের স্থানীয় বিএনপির নেতারাও এ অগ্নিকাণ্ডের জন্য বিএনপি নেতা হজরত আলীকে দায়ী করছেন। আমি বিষয়টি সকালেই নবীনগরের ইউএনওকে জানিয়ে প্রযোজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছি।
এ ব্যাপারে নবীনগরের ইউএনও মাহমুদুল হাসান বলেন, বিষয়টি জানার পরপরই আমি জেলা প্রশাসক মহোদয়কে জানিয়ে পুলিশকে সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছি।
নবীনগর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, আগুন লাগার পরপরই রাতে ওসি (তদন্ত) ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
শুধু বিএনপির দলীয় কার্যালয়ই নয়, কয়েকটি দোকানও পুড়ে গেছে। তাই এর যথাযথ তদন্ত করে অবশ্যই প্রযোজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

