
জাকির হোসেন মোল্লা :
ঢাকা-১৬ সংসদীয় আসনে নির্বাচনী প্রচারণা জোরদার করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষের প্রার্থী ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। প্রতীক বরাদ্দের পরপরই তিনি আজ সারাদিনব্যাপী পথসভায় অংশগ্রহণ করছেন।
দলীয় সূত্র জানায়, আজ সকাল ৯টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত এবং বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৫টা পর্যন্ত ঢাকা-১৬ আসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ধারাবাহিকভাবে পথসভায় অংশ নেবেন আমিনুল হক। এসব পথসভায় তিনি সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় করবেন এবং ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট চেয়ে গণসংযোগ চালাবেন।
পথসভাগুলোতে আমিনুল হক আগামী দিনের পরিকল্পনা তুলে ধরবেন বলে জানা গেছে। নির্বাচিত হলে কীভাবে ঢাকা-১৬ আসনকে একটি পরিকল্পিত, বাসযোগ্য ও উন্নত নগর এলাকায় রূপান্তর করা হবে—সে বিষয়গুলো তিনি জনগণের সামনে উপস্থাপন করবেন। পাশাপাশি তিনি গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার প্রতিষ্ঠা এবং সুশাসনের প্রশ্নেও বক্তব্য রাখবেন।
নেতা-কর্মীরা জানান, প্রতীক বরাদ্দের পর থেকেই আমিনুল হক নির্বাচনী মাঠে সক্রিয়ভাবে নেমেছেন। তার নেতৃত্বে বিএনপির নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। আজকের সারাদিনব্যাপী পথসভাকে কেন্দ্র করে ঢাকা-১৬ আসনে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্থানীয় বিএনপি নেতারা।
উল্লেখ্য, ঢাকা মহানগর রাজনীতিতে একজন পরিচিত ও পরীক্ষিত নেতা হিসেবে আমিনুল হক দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা রেখে আসছেন। নির্বাচনী প্রচারণার শুরুতেই তার এই সরব উপস্থিতি ঢাকা-১৬ আসনের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

