
সাইমন :
টাঙ্গাইলের মধুপুর (এলেঙ্গা) হাইওয়ে থানা পুলিশ সাভার পরিবহনের একটি বাস থেকে এক বিবাহিত কলেজ ছাত্রীকে উদ্ধার করেছে। এ ঘটনায় বাসের চালক, হেলপারসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরীফ জানান, বুধবার (১৪ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে ঢাকার একটি সরকারি কলেজের ২৬ বছর বয়সী এক বিবাহিত ছাত্রী রেডিও কলোনি এলাকা থেকে আশুলিয়ার উদ্দেশ্যে সাভার পরিবহনের একটি বাসে ওঠেন। তখন বাসটিতে আরও দুজন যাত্রী ছিলেন।
পথিমধ্যে ওই দুই যাত্রী নেমে গেলে চালক, হেলপার ও তাদের সহযোগী কলেজ ছাত্রীকে জোরপূর্বক বাসে আটকে রাখে। তারা ভুক্তভোগীর স্বর্ণালংকার, টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এরপর বাসটি বিভিন্ন এলাকায় ঘোরাতে ঘোরাতে রাতভর তাকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয় বলে অভিযোগ রয়েছে। এ সময় তারা ঘটনার ভিডিও ধারণ করে।
পরবর্তীতে করটিয়া আন্ডারপাস এলাকায় ঢাকাগামী লেনে বাসটি সন্দেহজনকভাবে দাঁড়িয়ে থাকতে দেখে হাইওয়ে পুলিশ তল্লাশি চালায়। জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা পাওয়ায় ভুক্তভোগীসহ বাস এবং গ্রেপ্তার তিনজনকে টাঙ্গাইল সদর থানায় হস্তান্তর করা হয়।
পুলিশ জানিয়েছে, ভুক্তভোগীর চিকিৎসা ও আইনি সহায়তার ব্যবস্থা নেওয়া হয়েছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
ঘটনাটি দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। বিভিন্ন মহল থেকে দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।

