
মার্শাল হাসান-বিশেষ প্রতিনিধি :
টাঙ্গাইল জেলার সখীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় তুহিন আহমেদ (১৫) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে সখীপুর–সাগরদীঘি সড়কের কচুয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তুহিন পাশের ঘাটাইল উপজেলার জোড়দীঘি গ্রামের প্রবাসী মাসুদ রানার ছেলে এবং স্থানীয় জোড়দীঘি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে মোটরসাইকেল নিয়ে সখীপুর আসার পথে উপজেলার কচুয়া বাজার এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি অটোভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) মোশারফ হোসেন চৌধুরী বলেন, নিহত তুহিনের মা-বাবার আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

