
মাসুম বিল্লাহ-খুলনা :
খুলনা মহানগরীর ১৮ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে আজ সোমবার দুপুরে নগরীর শতরূপার মোড়ে এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-০২ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী এবং মহানগর বিএনপির সাবেক সভাপতি জননেতা নজরুল ইসলাম মঞ্জু।
দোয়া মাহফিলে সংক্ষিপ্ত বক্তব্যে নজরুল ইসলাম মঞ্জু বলেন, “বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্রের আপসহীন প্রতীক। তাঁর মৃত্যু দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি। আমরা তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি এবং তাঁর আদর্শকে বুকে ধারণ করে দেশ ও গণতন্ত্র রক্ষার সংগ্রামে ঐক্যবদ্ধ থাকার শপথ নিচ্ছি।”
দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আসাদুজ্জামান মুরাদ,জাফরউল্লাহ খান সাচ্চু, অধ্যাপক আরিফুজ্জামান অপু, মনিরুজ্জামান মনি, সুমন,নজরুল ইসলাম বাবু, ইউসুফ হারুন মজনু,শামসুজ্জামান চঞ্চল,মাজহারুল ইসলাম,আসিফ,শেখ বায়েজীদ সহ খুলনা মহানগর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং এলাকার ধর্মপ্রাণ মুসল্লী। দোয়া মাহফিলে মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি ও জান্নাতুল ফেরদাউস কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।
দোয়া মাহফিলে বক্তারা আরও বলেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে তৃণমূলের নেতাকর্মীদের সুসংগঠিত হওয়ার কোনো বিকল্প নেই। তারা নজরুল ইসলাম মঞ্জুর নেতৃত্বে খুলনায় বিএনপিকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।

