
মোঃ জাহিদ হোসেন জিমু-গাইবান্ধা :
আজ ১ জানুয়ারি শুরু হচ্ছে নতুন শিক্ষাবর্ষ। প্রতি বছর এদিন উৎসব মুখর পরিবেশে প্রাক-প্রাথমিক থেকে নবম-দশম পর্যন্ত সব শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে উৎসব মুখর পরিবেশে পাঠ্যবই বিতরণ করা হয়। কিন্তু এ বছর কোনো উৎসব করা হবে না। নিজ নিজ বিদ্যালয়ে গিয়ে শিক্ষার্থীরা বই নিতে পারবে।
মঙ্গলবার বিকালে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয় সূত্র এ তথ্য জানিয়েছে। জানা গেছে, প্রাথমিকের সব বই স্কুলে গেছে। তবে মাধ্যমিকের এখনো অর্ধেক পাঠ্যবই ছাপা হয়নি।
এদিকে, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। বুধবার থেকে শুক্রবার (৩১ ডিসেম্বর ও ১, ২ জানুয়ারি) তিন দিনের রাষ্ট্রীয় শোক চলাকালে বই বিতরণ করা হবে কি না, তা নিয়ে সংশয়ে রয়েছেন অনেকে। এ নিয়ে অনেক অভিভাবক ও শিক্ষার্থীরা জানতে আগ্রহী। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, এবার উৎসব হবে না। এটা আগেই সিদ্ধান্ত হয়েছে। শুধু স্ব স্ব স্কুলে শিক্ষকরা শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ করবেন। ১ জানুয়ারি সারা দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে এ বই বিতরণ করার নির্দেশনা রয়েছে।
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) সূত্র জানিয়েছে, ২০২৬ শিক্ষাবর্ষের জন্য প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত এবার মোট বইয়ের সংখ্যা ৮ কোটি ৫৯ লাখ ২৫ হাজার ৩৭৯ কপি। শতভাগ বই ছাপা, বাঁধাই, কাটিংয়ের কাজ শেষে বিতরণে জন্য নিজ নিজ উপজেলায় পাঠিয়ে দেওয়া হয়েছে।

