
নিজস্ব প্রতিনিধি :
লক্ষ্মীপুরে তালা দিয়ে ঘরে আগুন: নিহত শিশু আয়েশার পরিবারকে সান্ত্বনা ও চিকিৎসা সহায়তা দিলেন তারেক রহমান লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনসা গ্রামের সুতারগোপ্তা এলাকায় ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেনের বাড়িতে নৃশংস অগ্নিসংযোগের ঘটনায় নিহত শিশু আয়েশা আক্তারের পরিবারকে সান্ত্বনা ও সহায়তা প্রদান করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
রবিবার রাতে (২১ ডিসেম্বর) তারেক রহমানের নির্দেশনায় ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল লক্ষ্মীপুরে গিয়ে অগ্নিদগ্ধ বেলাল হোসেনের পরিবারের খোঁজ-খবর নেন। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সংগঠনের আহ্বায়ক আতিকুর রহমান রুমন।
প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম-মহাসচিব ও লক্ষ্মীপুর জেলা বিএনপির আহ্বায়ক শহীদউদ্দিন চৌধুরী এ্যানি, ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোস্তফা-ই জামান সেলিম, সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি ডা. জাহিদুল কবির জাহিদ, ছাত্রদল কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক হাসনাইন নাহিয়ান সজীবসহ দলীয় নেতৃবৃন্দ।
এ সময় অ্যাডভোকেট রুহুল কবির রিজভী নিহত শিশু আয়েশা আক্তারের কবর জিয়ারত করেন এবং অগ্নিদগ্ধ বেলাল হোসেনের বসতঘর পরিদর্শন করেন। তিনি বেলাল হোসেনের স্ত্রী নাজমা বেগমের সঙ্গে সাক্ষাৎ করে তারেক রহমানের পক্ষ থেকে গভীর সমবেদনা জানান এবং চিকিৎসা সহায়তা তুলে দেন।
এর আগে একই দিনে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন বেলাল হোসেনের দুই কন্যা স্মৃতি আক্তার (১৪) ও বীথি আক্তার (১৮)-এর শারীরিক অবস্থার খোঁজ নেন প্রতিনিধি দলটি।
উল্লেখ্য, গত শুক্রবার (১৯ ডিসেম্বর ২০২৫) গভীর রাতে বেলাল হোসেনের ঘরে তালা লাগিয়ে আগুন দেওয়া হয়। এ সময় ঘরের ভেতরে থাকা সাত বছর বয়সী শিশু আয়েশা আক্তার অগ্নিদগ্ধ হয়ে প্রাণ হারায়। বেলাল হোসেন, তার স্ত্রী ও দুই কন্যা অগ্নিদগ্ধ হয়ে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। আগুনে তাদের বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়। নিহত শিশু আয়েশাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
এই নৃশংস ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বিএনপি নেতৃবৃন্দ দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

