
নাজমুল আহসান-শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি :
গাজীপুরের শ্রীপুর উপজেলায় ভেজাল সার উৎপাদনের অভিযোগে ‘আলিফ ফার্টিলাইজার’ নামে একটি সার কারখানায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে। অভিযানে বিভিন্ন ব্র্যান্ডের নামে প্যাকেটজাত ও খোলা অবস্থায় থাকা প্রায় অর্ধকোটি টাকা মূল্যের ভেজাল সার, কাঁচামাল ও উৎপাদন মেশিন জব্দ করা হয়েছে।
বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ী ছাতির বাজার এলাকার ইসমাইল মোড় সংলগ্ন এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ব্যারিস্টার সজীব আহমেদ।
অভিযানকালে ভ্রাম্যমাণ আদালত দেখতে পায়, ভিন্ন ভিন্ন নাম ও ঠিকানা ব্যবহার করে সারি সারি প্যাকেটে সাজানো নানা ধরনের সার। এ সময় জব্দ করা হয়—
আলিফ জিপসাম ৮ টন, পাওয়ার জৈবসার ২ টন, শক্তি জিংক প্লাস ২ টন, গ্রোজিংক ১.৫ টন, রোটন প্লাস ৪২৫ কেজি, জিপসামের কাঁচামাল ১.২৫ টন, জিংকের কাঁচামাল ৫৫০ কেজি, ইটের গুঁড়া ৯৫০ কেজি, খোলা জিপসাম ১.৫ টন, ডায়াজিনন ২৬ কেজি, ফরফুরান ১৫জি ২০ কেজি, গোটা মুসুর ১ টন এবং ইটের খোয়া দিয়ে তৈরি নিষিদ্ধ বাসুডিন ৩ কেজি। এছাড়াও ভেজাল সার তৈরিতে ব্যবহৃত বিভিন্ন কাঁচামাল ও মেশিন জব্দ করা হয়।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহবুবুল আলম জানান, জব্দকৃত প্যাকেটজাত ভেজাল সারের মূল্য আনুমানিক সাড়ে আঠার লক্ষ টাকা
অভিযানে কৃষি কর্মকর্তা সুমাইয়া সুলতানা বন্যা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহবুবুল আলম, আফরোজা এবং উপসহকারী কৃষি কর্মকর্তা হুমায়ুন কবির ভ্রাম্যমাণ আদালতের সঙ্গে উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার ব্যারিস্টার সজীব আহমেদ জানান, অবৈধ ভেজাল সার কারখানাটি সিলগালা করা হয়েছে। জব্দকৃত ভেজাল সার ও কাঁচামাল বিধি অনুযায়ী ধ্বংস করা হবে এবং সার উৎপাদনে ব্যবহৃত মেশিন জব্দ করা হয়েছে। অভিযানকালে কারখানার মালিকপক্ষের কাউকে পাওয়া যায়নি বলে তিনি জানান।

