
সৌভিক পোদ্দার-ঝিনাইদহ :
ঝিনাইদহে বাসার পাশে আড্ডা ও মাদক সেবনকালে বাধা দেওয়ায় বাবা-ছেলেকে বেধড়ক মারধর করেছেন মাদকসেবীরা।
শনিবার (২২ নভেম্বর) সকালে ঝিনাইদহ পৌরসভার মহিলা কলেজ পাড়ায় ঘটনাটি ঘটেছে।
আহত গোলাম মোস্তফা মৃত আবুল হোসেন মো. নোমানের বড় ছেলে এবং ভুক্তভোগী জারিফ আহত গোলাম মোস্তফার একমাত্র ছেলে।
থানায় অভিযোগে এজহার সূত্রে জানা যায়, ঝিনাইদহ শহরের মহিলা কলেজ পাড়ার বাসিন্দা মো. গোলাম মোস্তফা। তিনি তার নিজ বাড়িতে বসবাস করে আসছেন দীর্ঘদিন ধরে। অভিযুক্ত ১ নং অপু (২৩) ২ নং জাকির (২৪) ৩ নং তানিয়া (৩৫) সর্বসাং ঝিনাইদহ শহরের মহিলা কলেজ পূর্ব পাড়ার বাসিন্দা। প্রতিদিনের মতো আজ শনিবার (২২ নভেম্বর) সকাল সাড়ে দশটার সময় উল্লিখিত ব্যক্তিরাসহ আরও ৮-১০ জন মাদক সেবন করে আমার বাড়ির সামনে। এমন পরিস্থিতিতে আমি বিষয়টি নিয়ে কথা বলতে গেলে তারা আমার ওপর চড়াও হয়। একপর্যায়ে লাঠিসোঁটা নিয়ে আমার ওপর আঘাত করতে থাকে। এরপর আমার ডাক চিৎকার শুনে আমার ছেলে জারিফ আমাকে বাঁচাতে আসে। এসময় মাদকসেবীরা আমার ছেলের ওপরও চড়াও হয়। পরে লাঠির আঘাতে তার শরীর চরমভাবে আঘাতপ্রাপ্ত হয়।
এজাহারে আরও উল্লেখ করা হয়েছে- এর আগে কয়েকবার করে গোলাম মোস্তফাকে মারধর ও বাড়িঘর উচ্ছেদের হুমকি দিয়েছে অভিযুক্তরা। আজ এ ঘটনার পর বাদী মোস্তফা ও তার ছেলে জারিফ ঝিনাইদহ সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
ঝিনাইদহ সদর থানার ওসি আবদুল্লাহ আল মামুন জানিয়েছেন, এ ঘটনায় দ্রুত এলাকায় পুলিশ পাঠানো হয়েছে। শিগগিরই অভিযুক্তদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

