
সাইমন :
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোঃ মাহফুজ আলম বলেছেন, নতুন কুঁড়ি প্রতিযোগিতায় বিজয়ী শিশুশিল্পীরা নিয়মিত চর্চা ও পরিশ্রমের মাধ্যমে বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে উজ্জ্বল নক্ষত্রে পরিণত হবে। শনিবার (১৫ নভেম্বর) ঢাকার রামপুরায় বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) অডিটোরিয়ামে ‘নতুন কুঁড়ি ২০২৫’ প্রতিযোগিতায় বিজয়ী শিশু-কিশোরদের পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশা ব্যক্ত করেন।
উপদেষ্টা বলেন, ভবিষ্যৎ প্রজন্ম হিসেবে নতুন কুঁড়ির শিশুশিল্পীদের সংস্কৃতিচর্চা ধরে রাখতে হবে। তাদের প্রতিভা বিকাশে অভিভাবক ও শিক্ষকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন বলেও তিনি উল্লেখ করেন। তিনি আরও বলেন, “তোমরা অনেকেই জুলাই গণঅভ্যুত্থানের সাক্ষী হয়েছ। শহিদরা যে স্বপ্নের বাংলাদেশ দেখেছিলেন, সেই পথেই তোমাদের এগিয়ে যেতে হবে। আর সে লক্ষ্যেই নতুন কুঁড়ি আয়োজন।”
২০ বছর পর নতুন কুঁড়ি প্রতিযোগিতা পুনরায় শুরুর প্রেক্ষাপট তুলে ধরে উপদেষ্টা জানান, গত জুলাই মাসে প্রতিযোগিতা চালুর উদ্যোগ নেওয়ার পর দ্রুততম সময়ের মধ্যে আয়োজনটি সম্পন্ন হয়েছে। তিনি বিটিভির মহাপরিচালকসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।
উপদেষ্টা আরও বলেন, “নতুন কুঁড়ির মাধ্যমে বাংলাদেশের সংস্কৃতি আবারও আশার আলো দেখেছে। ভবিষ্যত সরকারও এই প্রতিযোগিতার ধারাবাহিকতা বজায় রাখবে।”
অনুষ্ঠানের বিশেষ অতিথি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা বলেন, নতুন কুঁড়ির বিজয়ীরা ভবিষ্যতে বাংলাদেশের শিল্প-সাহিত্য অঙ্গনে নেতৃত্ব দেবে। বিটিভির মহাপরিচালক মো. মাহবুবুল আলম জানান, উপদেষ্টার নির্দেশনায় দেড় মাসেই প্রতিযোগিতা সম্পন্ন হয়। বিজয়ী শিশুশিল্পীদের মধ্যে প্রতিটি শাখার সেরা দশজন সরাসরি বিটিভির শিল্পী তালিকায় যুক্ত হবে এবং তারা বিটিভির ‘শিশুপ্রহর’ অনুষ্ঠানে নিয়মিত অংশ নেবে।
এবারের প্রতিযোগিতায় ‘ক’ ও ‘খ’ দুই বিভাগে অভিনয়, আবৃত্তি, গান, নৃত্য, কৌতুক, গল্পবলা ও হামদ-নাতে মোট ৭৩ জন শিশুশিল্পী পুরস্কৃত হয়েছে। বিভাগভিত্তিক প্রতিটি বিষয়ে ১ম, ২য় ও ৩য় বিজয়ীদের হাতে যথাক্রমে ২ লাখ, ১ লাখ এবং ৫০ হাজার টাকার চেক, ট্রফি ও সনদ তুলে দেওয়া হয়।
উল্লেখ্য, ‘ক’ বিভাগের চ্যাম্পিয়ন প্রিয়সী চক্রবর্তী ও ‘খ’ বিভাগের চ্যাম্পিয়ন শুভমিতা তালুকদার গত ১৩ নভেম্বর প্রধান উপদেষ্টার কাছ থেকে ৩ লাখ টাকার চেক ও ট্রফি গ্রহণ করেন।
নতুন কুঁড়ি প্রতিযোগিতা ২০২৫-এর মাধ্যমে দীর্ঘ দুই দশক পর শিশুশিল্পীদের জন্য অন্যতম বৃহৎ সাংস্কৃতিক প্ল্যাটফর্ম আবারও প্রাণ ফিরে পেল।

